সিরাজগঞ্জ সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে মঞ্জু মিয়া (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু মিয়া একই ইউনিয়নের সরাইচন্ডী গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে পাকা রাস্তার পাশে মঞ্জু মিয়াকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ভোর রাতে গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। রাস্তার পাশে তার মোটরসাইকেল পাওয়া গেছে। কারা কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।
সিরাজগঞ্জ,বৃহস্পতিবার ৯ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















