দেশের বাজারে স্বর্ণের দাম আবার একদিনের ব্যবধানে বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৪৬৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ দুই হাজার ১৯৫ টাকা হয়েছে। একই সঙ্গে বেড়েছে রুপার দাম।
বুধবার (০৮ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।মঙ্গলবার (০৭ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ০২ হাজার ১৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৯৩ হাজার ০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২০১ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ২৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা।এদিকে স্বর্ণের দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ২৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৯১ টাকা বাড়িয়ে ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৩৯ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৬৩০ টাকা বাড়িয়ে ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়।
ঢাকা,মঙ্গলবার ০৭ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















