নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ৩টি গ্রামের উপর দিয়ে রবিবার সকালে টর্ণেডোর তান্ডবে অন্তত পাঁচ শতাধিক বাড়ীঘড় বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙ্গে গিয়ে রাস্তায় পড়াতে উদ্ধার কাজ করতে উদ্ধারকর্মীরা হিমসিম খাচ্ছে।আহত হয়েছে অন্তত ৩০ জন।
রবিবার (৫ অক্টোবর)সকাল ৮টায় ভারী বৃষ্টির সময় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনয়নের ৩টি গ্রামে টর্ণেডো তান্ডব চালায়। এতে ৫শতাধিক আধাপাকা ও কাচা বাড়ীঘড় সম্পূর্ণ বিধ্বস্ত হয়। টণের্ডোর ছোবলে হাজার হাজার গাছপালা ভেঙ্গে যায়। অসংখ্য গাছ পাকা রাস্তার উপর পরে থাকায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী দুর্গত এলাকায় ঢুকতে পারছেনা। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তার উপর পরে
থাকা গাছ অপসারণ করা যাচ্ছে না। তারা চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য চাচ্ছে কাঠুরিয়াদের এগিয়ে আসার জন্য। গাড়াগ্রাম মাঝা পাড়াগ্রামের মালেক উদ্দিনের ছেলে রাজমিস্ত্রি দুলু মিয়া (৩৪) জানান, গাড়াগ্রাম ইউনিয়নের পুর্ব দলিরাম গ্রামের হাজীপাড়া ও উত্তরপাড়া,পশ্চিম দলিরাম গ্রামের বানিয়া পাড়া ও পোদ্দার পাড়াও গাড়াগ্রাম গ্রামের কালিথান পাড়ার প্রায় ৫শতাধিক বাড়ীঘড় বিধ্বস্ত হয়েছে। প্রায় দেড় মিনিটের ঝড়ে গ্রামগুলো তছনছ হয়ে গেছে। বাড়ীঘড়ের টিনগুলো উড়ে গিয়ে গাছে ও বাশঁবাগানে ঝুঁলে আছে। গাড়াগ্রাম গ্রামের ইউপি চেয়ারম্যান মোঃ জোনাব আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরো বলেন, উদ্ধার তৎপরতা চলছে। তবে টণের্ডোর আঘাতে ৫ ব্যক্তি আহত হয়েছে। এরা হলেন, ডিসির মোড়ের আলতাবের ছেলে তাইফুল (৩০), একই এলাকার আব্দুলের ছেলে তাসিন(২৫), হাছানের ছেলে রয়েল(৩০), মফছারের ছেলে ফুলছান(৪০), ও আব্দুল মান্নানের ছেলে আতিক(২২)। আহতরা কিশোরগঞ্জ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছেন। বাকী ২৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। অনেক গবাদী পশু আহত হয়েছে। পশু গুলোর প্রাথমিক চিকিৎসার জন্য কিশোরগঞ্জ প্রাণি সম্পদ দপ্তরের একটি টীম কাজ করছে।
কিশোরগঞ্জ থানার এসআই মোঃ মহসিন বলেন, রাস্তার উপর গাছপালা পড়েথাকার কারণে আমরা গাড়াগ্রাম ডিসির মোড় পার হয়ে ভীতরে ঢুকতে পারিনি।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানিয়েছেন, দুর্গত এলাকায় উদ্ধার কর্মীরা কাজ করছে। ক্ষয়-ক্ষতির পরিমান এখনো হাতে আসেনি।
মোঃ শাহজাহান সিরাজ কিশোরগঞ্জ(নীলফামারী) উপজেলা প্রতিনিধি,
নীলফামারী,রোববার ৫ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















