ইসরায়েলি দখলদার বাহিনী গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোয় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফ্লোটিলা থেকে আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি জানায়।
এতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসাবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ। বাংলাদেশ সব আটক মানবিক সহায়তা কর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করার, আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান, গাজায় গণহত্যা বন্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায় বিবৃতিতে।
ঢাকা,শুক্রবার ০৩ অক্টোবর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















