গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিসের সদস্য (ফায়ার ফাইটার) শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বিকেল পৌনে ৪টার দিকে বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সদস্য শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে মারা গেছেন। মৃত শামীমের শরীর ১শ শতাংশই দগ্ধ ছিল বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।
ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে জানা যায়, নিহত শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি ফায়ার সার্ভিসে চাকরিতে যোগ দেন। ১৯৮৫ সালে তিনি নিজ জেলায় নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া শামীম আহমেদ বিবাহিত ছিলেন এবং তিন সন্তানের জনক।
ঢাকা,মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















