ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে ইউএনও কার্যালয় ও নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়িও ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় বিক্ষোভকারীরা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এদিকে, ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে চুরমার করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়কসহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ, থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
ফরিদপুর,সোমবার ১৫ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















