রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ একটি মিছিল নিয়ে এসে একদল লোক কার্যালয়ে হামলা চালায়।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, আমরা জাতীয় পার্টির কার্যালয়ে আগুন লাগার সংবাদ পেয়েছি। আমাদের ইউনিট এখনও বের হয়নি, প্রস্তুতি চলছে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, বিভিন্ন কক্ষে থাকা আসবাবপত্রও ভাঙচুর করা হয়। একপর্যায়ে অ্যাকশনে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে, হামলাকারীদের ছত্রভঙ্গ করার পর জলকামান দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। পরে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীরা প্রথমে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। ভাঙচুর শেষে আগুন দেওয়া হয়। ঘটনার পর সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা,শুক্রবার ০৫ সেপ্টেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















