স্বাধীনতা সংগ্রামের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা হলো ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান। অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে মানুষের সব অধিকার নিশ্চিত হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও অপকর্মের বিচার করতে হবে।
রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। কিন্তু যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছিল, তা এখনও পূরণ হয়নি।তিনি আরও বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের মতামত শুনছি।
আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনের দাবিতে সবাইকে সমবেত হওয়ার আহ্বান জানান তিনি।সভায় এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত কোনো ষড়যন্ত্র সহ্য করবো না। তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধেরও দাবি জানান।পথসভায় আরও বক্তব্য দেন- উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান, রুহুল আমিন আইনি।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন-হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, ডা. জাহেদুল ইসলাম, আবু বাকের মজুমদার, মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন প্রমুখ।
নেত্রকোনা,রোববার ২৭ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















