মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর এবং শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সেনাবাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের বিচার দাবিতে উত্তরা এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে উত্তরা দিয়াবাড়ি গোলচত্বরে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় প্রশাসন যে নিহতের সংখ্যা জানিয়েছে, বাস্তবে তা তার চেয়ে অনেক বেশি। প্রশাসন নিহত-আহতের প্রকৃত তথ্য গোপন করছে। দুর্ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা যখন উদ্ধারকাজে এগিয়ে যায়, তখন আইনশৃঙ্খলা বাহিনী অমানবিকভাবে লাঠিচার্জ করে। এতে কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, শিক্ষক মিজানুর রহমানসহ অনেকে আহত হন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাশের প্রকৃত সংখ্যা প্রকাশ এবং শিক্ষকের উপর লাঠিচার্জের বিচার চায়।
ঢাকা,মঙ্গলবার ২২ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















