সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনগুলো।সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল থেকেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়েছে।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁঞার নেতৃত্বে কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাকরাইল কার্যালয়ে স্থাপিত পল্লীবন্ধু এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, মো. শফিউল্লাহ শফি, মো. হেলাল উদ্দিন, এম এ সোবহান, আক্তার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব দ্বীন ইসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ। ফুলেল শ্রদ্ধা জানানো শেষে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন পার্টির ধর্মবিষয়ক সম্পাদক ক্বারী ইছারুহুল্লাহ আসিফ।
উল্লেখ্য, ১৯৮৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন হুসেইন মুহম্মদ এরশাদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা,সোমবার ১৪ জুলাই এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















