বাংলাদেশি বিদেশ-ফেরত অভিবাসীদের একটি বড় অংশই দেশে ফিরে সমাজের মূল ধারার সঙ্গে মিলতে পারে না বলে মন্তব্য করে নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেছেন- ‘সবাই মিলে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে হবে। বিদেশ-ফেরত মানুষের পাশে দাঁড়াতে হবে।’
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদীর জেলা প্রশাসক এ কথা বলেন। নিজের বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, ‘বিদেশ-ফেরতদের ডাটাবেজ তৈরি করতে হবে যাতে তাদের পুনরেকত্রীকরণের কাজটা সহজ হয়। যারা পুনরায় বিদেশ যাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে হবে যাতে তারা বেশি বেতনে কাজ করতে পারেন।’
আয়োজনের সভাপতিত্ব করেন নরসিংদী জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী সরকার রাখি বলেন, ‘রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ সম্মান আমরা দিতে পারছিনা। ব্র্যাক বিদেশ-ফেরতদের মনোসামাজিক কাউন্সেলিং সেবা দিচ্ছে যা খুবই ভালো একটি উদ্যোগ। এখন আমরা যদি বিদেশে যাওয়ার আগেও সম্ভাব্য কর্মীদের কাউন্সেলিং করাতে পারি তাহলে বিদেশে গিয়ে আমাদের দেশের মানুষ কম ব্যর্থ হবে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার হোসেন খান। তিনি নিজের বক্তব্যে কর্মশালায় উপস্থিত সবাইকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত ‘রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের সেবাসমূহ কীভাবে নরসিংদী ও দেশের অন্য জেলাগুলোতে বিদেশ-ফেরতদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে সহায়তা করছে সে তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অভিবাসন-প্রবণ জেলাটির অতিরিক্ত পুলিশ সুপার করিমুল্লাহ্। তিনি বলেন, ‘দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে প্রবাসীদের টাকায় কিন্তু তাদের সমস্যার শেষ নেই। প্রবাসীদেও নিরাপত্তা-ভবিষ্যত নিশ্চিত করতে আমাদের আরও উদ্যোগী হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো: আমিরুল হক বলেন, ‘বিদেশ-ফেরতদের মধ্যে আমরা সাইকোসোমাটিক ও যৌন রোগের উপসর্গ বেশি দেখছি। তাদেরকে নিজেদের স্বাস্থ্যের যতœ নেওয়ার বিষয়ে সচেতন করতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ দাউদুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: ইউসুফ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের মো. মোখলেছুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়সাল আযম, সহকারী জেলা তথ্য অফিসার আফসানা আখতার, ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আমিনুল হক, শীলমান্দী যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান, এনডিসি শিহাব সারাদ অভি, জেলা প্রশাসককের কার্যালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী কমিশনার মেহেদী হাসান পাটোয়ারী, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, মাইগ্রেশন এন্ড রিইন্ট্রিগ্রেশন সাপোর্ট সেন্টারসহ নরসিংদীতে কর্মরত ব্র্যাকের বিভিন্ন প্রোগ্রামের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদী জেলায় সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যাক্তিত্ব, প্রবাস বন্ধু ফোরাম সদস্য, স্বেচ্ছাসেবক ও বিদেশ ফেরত অভিবাসী।
নরসিংদী ও দেশের বিভিন্ন জেলায় বিদেশ থেকে ফিরে আসা মানুষ ব্র্যাকের রিইন্টিগ্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্প থেকে মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে সহায়তা পাচ্ছেন। নরসিংদী জেলাপ্রশাসনসহ সরকারের নানা দপ্তরও তাদের পাশে রয়েছে।
বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারাবিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই কর্মসূচি ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
মোঃ নজরুলইসলাম,মাধবদী(নরসিংদী)প্রতিনিধি ঃ
নরসিংদী,মঙ্গলবার ২৮ জানুয়ারী এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















