রাজধানীর শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুন) সকাল থেকে র্যাব-২-এর একটি দল তিনটি হাসপাতালে একযোগে এ অভিযান চালায়।অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু দালাল চক্রের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
তিনি বলেন, আজকের অভিযানের মূল উদ্দেশ্য ছিল দালাল চক্রকে চিহ্নিত ও আটক করা, তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে স্বচ্ছ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।’
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল এবং নিটোরে অভিযান চালিয়ে নারীসহ ১২ জন দালালকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান র্যাব-২-এর এই কর্মকর্তা।
ঢাকা,সোমবার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















