নরসিংদীর মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনপুর সড়কের মাধবদীর খরমদী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতেন।তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে মোবাইলে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি।
রাতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে নরসিংদী-মদনপুর সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তূপে একটি লাশ পড়ে আছে শুনে সেখানে গিয়ে লাশটি দিগন্তর বলে শনাক্ত করে তার স্বজনরা।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শত্রুতার জেরে অন্য কোনো স্থানে তাকে পিটিয়ে হত্যার পর লাশ ঘটনাস্থলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।পরবর্তী আইনি কার্যক্রম চলছে।
নরসিংদী,সোমবার ২৯ জুন এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম




















